মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:৪১ পিএম

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো

লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ হতে বাকি আর এক ম্যাচ। এখন বড় প্রশ্নগুলোর একটি হচ্ছে এই মহাতারকার বিদায়ের পর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড উঠবে কার হাতে? সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্বেসেলতেস্তা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানালেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোই হতে যাচ্ছে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক।

৩১ আগস্ট মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে আর্জেন্টিনার হয়ে তাঁর আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হবে আগামী ৬ অক্টোবর, বুয়েনস আইরেসের। ক্লাব রিভার প্লেটের মাঠ মনুমেন্টালে বেনিনের বিপক্ষে। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

মেসি-পরবর্তী আর্জেন্টিনা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে স্কালোনির কোচিং স্টাফ। সেই নতুন অধ্যায়ের নেতৃত্বে প্রথম নাম হিসেবে রোমেরোকেই বেছে নিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনার অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবেন রোমেরো। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেসও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো দি পল কিংবা লাউতারো মার্তিনেসও পরতে পারে। তবে রোমেরোই সঠিক ব্যক্তি।’

রোমেরোর নেতৃত্বের অভিজ্ঞতাও আছে। আর্জেন্টিনার হয়ে তিনি ইতিমধ্যে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন। একই বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও নেতৃত্ব দেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন রোমেরো। তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। তাছাড়া ইংলিশ ক্লাব টটেনহ্যামের আর্মব্যান্ডও ছিল তাঁর হাতে!

মেসির বিদায়ে শুধু একজন খেলোয়াড়ই হারাচ্ছে না আর্জেন্টিনা, শেষ হচ্ছে একটি দীর্ঘ নেতৃত্বের অধ্যায়ও। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০ বছরের বেশি সময় ধরে দলটির সবচেয়ে বড় মুখ ছিলেন মেসি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে এসেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!