প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:৩৬ পিএম
ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক তারকা ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল গতিসীমার একটি সড়কে সালাহর নামে নিবন্ধিত রোলস-রয়েস ঘণ্টায় ৩৬ মাইল গতিতে চলছিল। তবে ওই সময় গাড়ির স্টিয়ারিংয়ে কে ছিলেন, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
এ ঘটনায় চেশায়ার পুলিশ সালাহকে নোটিশ পাঠালেও তিনি তার কোনো জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা লিখিত জবাব জমা দেওয়া হয়নি।
ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর মাধ্যমে মামলাটির নিষ্পত্তি করা হয়। সেখানে চালকের পরিচয়সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় সালাহকে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটিতে ব্যবহৃত গাড়িটি সালাহর নামে নিবন্ধিত রোলস-রয়েস স্পেক্টর। গাড়িটির মূল্য ৪ লাখ ৬৬ হাজার ইউরোর বেশি, যা প্রায় ৫ লাখ ৪৪ হাজার মার্কিন ডলারের সমান।
এ ছাড়া ইংল্যান্ডে সালাহর প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের বাড়ির ঠিকানায় পাঠানো দুটি নোটিশেরও তিনি কোনো জবাব দেননি বলে জানা গেছে।
লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই দিন পর এ ঘটনা প্রকাশ্যে আসে। গত ২৪ মার্চ লিভারপুল কর্তৃপক্ষ সালাহর বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘ সময় ক্লাবটির হয়ে খেলে তিনি দলটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন।
লিভারপুলের জার্সিতে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির সঙ্গে অধ্যায় শেষ করে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দেন।
এস/আর


