মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:২৭ পিএম

এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার

ছবি : গোলাম পরওয়ার

এলপিজি গ্যাসের দাম আবারও বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আরও চাপে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এলপিজির নতুন দাম নির্ধারণের সিদ্ধান্তে ক্ষোভ ও প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়ালেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাজারে দীর্ঘদিন ধরেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতে ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগও রয়েছে। কিন্তু অতিরিক্ত দামে গ্যাস বিক্রি বন্ধে কার্যকর নজরদারি দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর অজুহাতে অতিরিক্ত খরচের চাপ ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণের দুর্বলতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো দায়িত্বশীল সিদ্ধান্ত নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা এবং বাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এম. হোসেন

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!