মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

আলিয়ার জায়গায় গাঙ্গুবাই হতে পারতেন কীর্তি সুরেশ?

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৮:২৯ এএম

আলিয়ার জায়গায় গাঙ্গুবাই হতে পারতেন কীর্তি সুরেশ?

বলিউডের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাটের পরিবর্তে কীর্তি সুরেশকে দেখতে চেয়েছিলেন অনেক ভক্ত। তাদের এমন মন্তব্যের জবাবে কীর্তি জানিয়েছেন, সুযোগ পেলে তিনিও চরিত্রটিতে ভালো অভিনয় করতে পারতেন। তবে, একইসঙ্গে সিনেমাটিতে আলিয়ার অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি।

এক বিশেষ সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী অভিনেত্রী। তার আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক মন্তব্য করেন, ‘গাঙ্গুবাই’ চরিত্রে আলিয়ার বদলে কীর্তিকেই মানাত বেশি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নিজের মতামত জানান তিনি।

কীর্তিকে প্রশ্ন করা হয়, ‘গাঙ্গুবাই’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি কি চরিত্রটির প্রতি সুবিচার করতে পারতেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আমি কি চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম? আমার বিশ্বাস, হ্যাঁ। তবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাটকে আমার সত্যিই ভালো লেগেছে। তার অভিনীত কাজগুলোও আমার খুব পছন্দ।”

এস হুসেন জায়েদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ বই অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সিনেমাটিতে কাঠিয়াওয়াড়ের এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে, যিনি পরিস্থিতির শিকার হয়ে যৌনপেশায় জড়িয়ে পড়েন। পরে তিনি মুম্বাইয়ের নিষিদ্ধপল্লির প্রভাবশালী এক নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে কীর্তি সুরেশ অভিনীত নতুন সিরিজ ‘আক্কা’। এতে তার সঙ্গে দেখা যাবে রাধিকা আপ্তেকেও। কাল্পনিক রাজ্য পেরনুরুতে নির্মিত সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ভবানী ও রুদ্র নামের দুই নারীকে ঘিরে। ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি নিজেদের ঐতিহ্য ও উত্তরাধিকার ধরে রাখার লড়াইও করতে হয় তাদের।

ধর্মরাজ শেঠি পরিচালিত সিরিজটি প্রযোজনা করেছে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট। আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘আক্কা’।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!