প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৫৫ পিএম
এতিম ও অসহায় মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এতিম ও দুস্থদের সহায়তায় চলমান উদ্যোগের পরিধিও বাড়ানো হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে মাদ্রাসাশিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইব। এ সময় বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমসহ অনেকে।
এম. হোসেন


