মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিশ্ববাজারে কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১১:২৭ পিএম

বিশ্ববাজারে কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসায় সোমবার (২ নভেম্বর) একদিনেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়।

গ্রিনিচ মান সময় (জিএমটি) সোমবার বেলা ২টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার ৯০ সেন্ট বা ৬ শতাংশ কমে ১০৬ ডলার ৫০ সেন্টে নেমেছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ ডলার ২৫ সেন্ট বা ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের অবসানে সরকারের কূটনৈতিক উদ্যোগে সম্মতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দিতে কাতারের মধ্যস্থতায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দোহা সফর করেছেন। তেহরান জানিয়েছে, আমেরিকার সামরিক ও নৌ অবরোধ প্রত্যাহারের শর্তের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়টি যুক্ত করা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে আরও কিছুটা সময় দিতে চান।

এদিকে তেলের বাজারে অস্থিরতার মধ্যেই রোববার বৈঠক করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের সাত সদস্য। বৈঠকে আগামী ডিসেম্বরেও তেল উৎপাদন না বাড়িয়ে বর্তমান পর্যায়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!