মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৩:২৯ পিএম

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন হারিস রউফ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। বেন স্টোকস ও মার্ক চ্যাপম্যানের পাশাপাশি তিনিও একজন বিদেশি ক্রিকেটার হিসেবে পুরো মৌসুম দলের সাথে থাকবেন।

ক্লাবের এক বিবৃতিতে স্ট্রাইকার্সের কোচ টিম পেইন বলেন, হারিস একজন প্রমাণিত ম্যাচ-উইনার ক্রিকেটার। তিনি আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছেন। অ্যাডিলেড ওভালে তাকে বল করতে দেখাটা স্ট্রাইকার্স সমর্থকদের জন্য দারুণ উপভোগ্য হবে। তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম দ্রুতগতির বোলার এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন।

তিনি আরও বলেন, পুরো টুর্নামেন্টের জন্য হারিসকে অ্যাডিলেডে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি একজন রোমাঞ্চকর খেলোয়াড়, লড়াকু মানসিকতাসম্পন্ন এবং আমাদের দলে প্রচুর প্রাণশক্তি নিয়ে আসবেন। অফ-সিজনজুড়ে আমাদের প্রধান লক্ষ্য ছিল যেন সব বিদেশি খেলোয়াড়কে পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যায়। আমাদের বিশ্বাস, এটি আমাদের দলের জন্য বড় একটি সুবিধা হবে।

রউফ ২০১৯-২০ মৌসুম থেকে মেলবোর্ন স্টার্সের হয়ে বিবিএল-এ পাঁচটি মৌসুম খেলেছেন। গেল মৌসুমে তিনি ১১ ইনিংসে ২০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। মেলবোর্ন স্টার্সের হয়ে দীর্ঘ সময়ে তিনি মোট ৩৩টি ম্যাচ খেলে ৫৬টি উইকেট নিয়েছেন।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি শেষে রউফ বলেন, অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে যাত্রা শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অ্যাডিলেড ওভাল বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ভেন্যু এবং সেখানে খেলতে আমি সবসময়ই উপভোগ করেছি। স্ট্রাইকার্সের দলে বেন স্টোকস, ম্যাট শর্ট এবং মার্ক চ্যাপম্যানের মতো বিশ্বমানের খেলোয়াড়রা রয়েছেন, তাই তাদের সাথে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।

অ্যাডিলেড ওভালে স্ট্রাইকার্সের হোম গ্রাউন্ড নিজের একমাত্র ওয়ানডে ম্যাচে রউফ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন, যা পাকিস্তানকে নয় উইকেটের বড় জয় পেতে সাহায্য করেছিল। এই ভেন্যুতে নিজের একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন রউফ। ওই ম্যাচে তার দল পাঁচ উইকেটে জয়লাভ করেছিল।

স্ট্রাইকার্স এখন পর্যন্ত মাত্র একবার, ২০১৭-১৮ মৌসুমে বিবিএল শিরোপা জিতেছে। গত মৌসুমে তারা ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করায় প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। বিবিএল মৌসুম শুরু হবে ডিসেম্বরে এবং ১৬ ডিসেম্বর ক্যানবেরায় সিডনি থান্ডারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্ট্রাইকার্স।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!