প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১০:০১ এএম
একটি হার ও এক ড্রয়ের পর জয়ে ফেরার তাগিদ ছিল ইন্টার মায়ামির। সেই ম্যাচেই নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। মনোমুগ্ধকর অ্যাসিস্টের পর নিজেও করলেন গোল। তাতেই নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় তুলে নিল মায়ামি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে সোমবার (২ নভেম্বর) সকালে জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র।
৫২ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা জোরদার করে ইন্টার মায়ামি। সেই প্রচেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। ৬৮ মিনিটে তার দারুণ এক অ্যাসিস্ট থেকেই সমতায় ফেরে সফরকারীরা।
সতীর্থের বাড়ানো উঁচু ক্রসে হেড করে বল পাঠান জার্মান বেরতেরামের দিকে। কাছ থেকে বল জালে পাঠাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। তাতে ১-১ সমতায় ফেরে মায়ামি।
সমতায় ফেরার পর জয়ের জন্য দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে শেষ হাসি হাসে মায়ামি। ম্যাচের ৮৩ মিনিটে নিজের চেনা ছন্দে জাদু দেখান মেসি। বক্সের সামনে বল পেয়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙেন তিনি। এরপর সতীর্থের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সে ঢুকে বা পায়ের নিচু শটে পরাস্ত করেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক টার্নারকে।
মেসির সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বাকি সময়ে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
ইউডি/কেএস


