মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৯:১৬ এএম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ১২ সেন্ট হয়েছে।

মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন স্থাপনাটিতে হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে, ইরান ও তাদের মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার আশায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমলে তেলের দাম প্রায় ২ ডলার কমেছিল। তবে নতুন হামলার খবর বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে।

এদিকে আমেরিকার অপরিশোধিত তেলের মজুত সামান্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত প্রায় ১৫ হাজার ব্যারেল বেড়েছে।

এ ছাড়া ব্যবসায়ীদের ধারণা, আমেরিকার সঙ্গে সমঝোতার পর রাশিয়ার অভ্যন্তরীণ শোধনাগারগুলো ডিজেল উৎপাদন বাড়ালে আগামী মাসে দেশটির বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি কমতে পারে।

সূত্র:রয়টার্স

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!