মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হামজা যোগ দিলেন, জাকার্তায় এখন ফারহান-শমিতের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:২৯ এএম

হামজা যোগ দিলেন, জাকার্তায় এখন ফারহান-শমিতের অপেক্ষা

হামজা চৌধুরী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ধীরে ধীরে পূর্ণ হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড। ইংল্যান্ড থেকে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এখন অপেক্ষা ফারহান আলী ওয়াহিদ ও কানাডাপ্রবাসী শমিত সোমের।

বাংলাদেশ দল আগেই জাকার্তায় পৌঁছে গিয়েছিল। এরপর স্থানীয় সময় সোমবার বিকেলে দলের সঙ্গে যোগ দেন হামজা। ইংল্যান্ডে ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে জাতীয় দলের নতুন মিশনে নামতে প্রস্তুত এই মিডফিল্ডার।

আন্তর্জাতিক বিরতির আগে শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে স্টোক সিটির বিপক্ষে খেলেছেন হামজা। ম্যাচে তার দল ২-১ গোলে হারে। রাইট-ব্যাক পজিশনে শুরু করা হামজাকে ম্যাচের ৮০ মিনিটে তুলে নেওয়া হয়। এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ না পেয়েই তাকে রওনা দিতে হয় জাকার্তার উদ্দেশে।

হামজার পর রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ফারহান আলী ওয়াহিদের। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে এবারই প্রথম সুযোগ পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এর আগে ফুলহাম অনূর্ধ্ব-২১ ও বোরহ্যাম উডের হয়ে খেলেছেন তিনি। ফলে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক নিয়েও আগ্রহ রয়েছে সমর্থকদের।

এদিকে কানাডা থেকে জাকার্তায় পৌঁছানোর কথা শমিত সোমের। মঙ্গলবার সকালে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রবাসী ফুটবলারদের আগমনে পূর্ণতা পাচ্ছে বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড। এই দলে প্রবাসী খেলোয়াড় রয়েছেন মোট নয়জন।

হামজা, ফারহান ও শমিতের অপেক্ষার মধ্যেও বাংলাদেশের প্রস্তুতি থেমে নেই। রবিবার ভোরে জাকার্তায় পৌঁছে বিশ্রামের পর রাতেই অনুশীলনে নামে দল। দীর্ঘ ভ্রমণের পর প্রথম সেশনে খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধার ও ফিটনেসের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়।

উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোসের অধীনে স্ট্রেচিং ও রিকোভারি সেশনের মাধ্যমে খেলোয়াড়দের ম্যাচের উপযোগী করে তোলার কাজ শুরু হয়। হাতে সময়ও খুব বেশি নেই বাংলাদেশের।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

এবারের আসর বাংলাদেশের জন্য ঐতিহাসিকও। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

জাকার্তায় এখন তাই প্রস্তুতির পাশাপাশি চলছে সতীর্থদের এক হওয়ার অপেক্ষা। হামজা ইতোমধ্যে যোগ দিয়েছেন, অপেক্ষা ফারহান ও শমিতের। এরপর জাতীয় দলের সামনে থাকবে শুধু মাঠের লড়াই।
 
ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!