মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে ফের সারের দাবিতে মহাসড়ক অবরোধ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:৫৮ পিএম

কুড়িগ্রামে ফের সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে ফের সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় প্রায় ১ ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। রবিবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে সার বিতরণে বিলম্ব করায় বিক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে জড়ো হন।

এতে কিছুক্ষণের জন্য দূর পাল্লায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।

কৃষকদের অভিযোগ, ডিলাররা রাতের আঁধারে সার কালোবাজারিদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এ কারণে খুচরা দোকান থেকে প্রতি কেজি সার ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হচ্ছে।

অন্যদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ার ঘটনায় এক ডিলারকে কৃষকদের ধাওয়া করার ঘটনাও ঘটেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সড়ক অবরোধ হয়নি। তবে সারের চাহিদার তুলনায় বেশি লোকজনের সমাগম হয়েছিল। পরে শান্তিপূর্ণভাবে কৃষকদের সারিবদ্ধ করে সার বিতরণ শুরু করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামে সারের চাহিদা পূরণের জন্য অতিরিক্ত ১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে।

উল্লেক্ষ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!