উত্তরদক্ষিণ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০১:২৩ পিএম
আটক মমিনুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরির একটি মামলাও রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক বৃদ্ধের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন মমিনুল। এ ঘটনার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এম.হোসাইন
দৈনিক উত্তরদক্ষিণ