মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৪:৪২ পিএম

কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মারধর করে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিজয় (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মাইফরশপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত বিজয় মিরকাদিম এলাকার একটি হার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। একই কর্মস্থলে কাজ করার সুবাদে তাদের পরিচয় ছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিজয় ওই কিশোরীর পিছু নেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় বিজয় তার ওড়না দিয়ে মুখ বেঁধে একটি লোহার রড দিয়ে মারধর করেন। এতে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে কিশোরী মাটিতে পড়ে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে রক্তাক্ত অবস্থায় কিশোরী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তার বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে, টঙ্গিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!