মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক বললেন জ্যোতি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৪:২২ পিএম

বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক বললেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি

দুই সেমিফাইনালে তিনটি দলই দেড়শোর বেশি রান করলেও একশোও পার করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে ইন্ডিয়ার বিপক্ষে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। তবে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের ঘটনাকে স্বাভাবিক বলছেন বাংলাদেশের অধিনায়ক।

নিগার সুলতানা জ্যোতি এত বড় হার নিয়ে বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই বাংলাদেশ ভালো করতে পারেনি। ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের অধিনায়কের কাছে বেশ স্বাভাবিক, ‘এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো।’

এই উইকেটে আগের ম্যাচে পাকিস্তানের দেওয়া বড় রান তাড়া করেছে শ্রীলঙ্কা। সেই উইকেটে বাংলাদেশের এমন ব্যাটিং অত্যন্ত প্রশ্নবিদ্ধ। অধিনায়ক বড় রান তাড়ায় বিপর্যয় স্বাভাবিক বললেও এই ব্যাটিং গ্রহণযোগ্য নয় তার কাছেও।

জ্যোতি বলেন, ‘একদমই না। দেখেন, যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’

এশিয়া কাপের পর টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছেন জ্যোতি। আজকের হারের পর সেই প্রসঙ্গ জ্যোতি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’

এদিকে ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘আমরা নিজেদের কাছ থেকে যা প্রত্যাশা করছিলাম, তাই পেয়েছি। আশা করছি, আমরা জয়ের ধারা অব্যাহত রাখব।’

ইন্ডিয়ার নারী দল বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও গত কয়েক বছর দুদলের ম্যাচে অনেক ঘটনা ঘটছে। এ নিয়ে ইন্ডিয়ার অধিনায়ক বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা কেবল আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। সামনে কে প্রতিদ্বন্দ্বী, সেটা কোনো বিষয় নয়। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!