মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৪৫ পিএম

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে। 

নিহত শফি'র চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় জনৈক আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। শনিবার দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি এবং কাটা গাছটি তার শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান শফিকুল ইসলাম।

দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাগমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই।

শফিক মোল্লা কৃষিকাজ, গাছ কাটাসহ বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর ছোট ছেলেটির বয়স মাত্র তিন মাস। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারটির মাঝে।

ইউডি/রেজা/রুবেল

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!