মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সাজেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:০৫ পিএম

সাজেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। একইসঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান প্রদর্শন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংগঠন দুটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাদের এই অবরোধ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। মূলত, সাজেক অঞ্চলের স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা এবং জানমাল রক্ষার তাগিদেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ সতর্ক করে বলেছেন, অবরোধ স্থগিতকাল শেষ হওয়ার পরও যদি প্রশাসন সাজেকবাসীর ন্যায্য দাবি পূরণ না করে, তাহলে পূজার ছুটি শেষে পুনরায় অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সে ক্ষেত্রে সময় ও কর্মসূচি পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে।

সংগঠন দুটি কোনো ধরনের বিলম্ব না করে অবিলম্বে সাজেকবাসীর তিন দফা দাবি পূরণ এবং পাহাড়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছে।

এর আগে সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করে বৃহস্পতিবার সকাল থেকে আবারো অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। দিনব্যাপী দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং শেষে সন্ধ্যায় আবারো অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!