প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০২:১৬ পিএম
প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারো সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) সংগঠন দুটির নেতারা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, সাজেকের মাচালঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।
বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, মাচালঙ এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো অবস্থান করছেন। তারা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকি-ভয়ভীতি দেখাচ্ছেন এবং গ্রামবাসীদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছেন বলে দাবি করা হয়েছে। সেনাবাহিনীর অভিযান কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেছেন নেতারা।
এ ছাড়া, গত মঙ্গলবার মাচালঙের চিল্ল্যাতুলি গ্রামে মিয়্যো চাকমা নামের এক গ্রামবাসীর ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।
বিবৃতিতে বলা হয়, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট এলাকা থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এ অবরোধ চলবে।
এদিকে, রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বর্তমানে সেখানে কোনো পর্যটক অবস্থান করছেন না।
ইউডি/কেএস


