মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ১০:৫৪ পিএম

বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

‎পটুয়াখালীর বাউফলে একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থতা ও আর্থিক সংকটের খবর পেয়ে অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামে ইউসুফ হাওলাদারের পরিবারের খোঁজখবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা, আর্থিক সংকট ও চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার, তাঁর স্ত্রী ফুলচান (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। অন্যদিকে, পরিবারের ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় তাঁদের নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
‎
‎পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি অসুস্থ স্বজনদের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটের মুখে পড়েছে।
‎
‎এমন পরিস্থিতিতে পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও পরিবারের খোঁজখবর নেওয়ার এ উদ্যোগকে মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থতার কারণে পরিবারটি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের চিকিৎসা ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, এই কঠিন সময়ে পরিবারটি যেন নিজেদের অসহায় ও একা মনে না করে।”
‎
‎জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ইসলামের মানবিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পরিবারটির প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার সম্ভাব্য উপায় খতিয়ে দেখা হবে।
‎
‎অর্থনৈতিক সংকট ও অসুস্থতার সঙ্গে লড়াই করা পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান এবং তাদের খোঁজখবর নেওয়ার এ উদ্যোগ অসহায় মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
‎
ইউডি/রেজা/রুবেল

 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!