মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে ছিনতাই ঘটনায় মামলা, টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ

Rejaul Karim Sobuj

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৫:৫৫ পিএম

শ্রীপুরে ছিনতাই ঘটনায় মামলা, টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েকটি মোটরসাইকেলে এসে একটি প্রাইভেটকারের পথরোধ করে বিকাশের ডিস্ট্রিবিউটরের ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ। যদিও এর আগে ধারণা করা হয়েছিল টাকার পরিমাণ ৩ কোটি। এ ঘটনায় মামলা হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর’-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, ব্যাংক বন্ধ থাকা এবং পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের চাপের কারণে প্রতিষ্ঠানটির নগদ টাকার প্রয়োজন হয়।

এ জন্য নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিনিময়ে নগদ ৪ কোটি টাকা সংগ্রহ করা হয়। তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ওই টাকা প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল।

পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় তারা পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গাড়ির পেছনে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

ঘটনার পর প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের ধারণা করা হয়েছিল। তবে গাড়িতে অবশিষ্ট থাকা বস্তার টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এতে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ টাকা বলে নিশ্চিত হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এ ঘটনায় দায়ের করা মামলায় ছিনতাই হওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৩০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত এবং টাকা উদ্ধারে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!