প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০২:৫৬ পিএম
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার কালিগঞ্জের শিমু-রেজা এমপি কলেজের শিক্ষার্থীরা। রচনা, একক অভিনয় ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে তারা কলেজের সুনাম বয়ে এনেছে।
প্রতিযোগিতায় খাদিজা পারভীন রচনা প্রতিযোগিতায়, শ্রেয়া দে একক অভিনয়ে এবং ইলমা হাসনাত কবিতা আবৃত্তিতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও তারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
শিক্ষার্থীদের এ সাফল্যে কলেজের প্রভাষক জনাব শরিফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলেজের অধ্যক্ষ বাবু জয়ন্ত কুমার ঘোষ তাদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান তিনি।
শিক্ষকরা মনে করেন, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এ সাফল্য ইতিবাচক ভূমিকা রাখবে।

কৃতী শিক্ষার্থীদের এ অর্জনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, আরও সাফল্য এবং আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন।
ইউডি/রেজা


