প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০৪:০১ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকার মায়ের দোয়া ইটভাটায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০) ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে চরপুমদী এলাকার মায়ের দোয়া ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে ইটভাটার একটি দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে।
এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় ও আহত হন আরও দুই শ্রমিক। পরে তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
ইউডি/রেজা


