প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০১:০৭ পিএম
সুন্দরবনের গহীনে জেলে নৌকায় হামলার চেষ্টা করেছে দস্যুরা। তবে, বনকর্মীদের ছোড়া ফাঁকা গুলির শব্দে পিছু হটতে বাধ্য হয় তারা। শনিবার (৩ অক্টোবর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা এলাকার কাদেরের খাল এলাকায় ঘটনাটি ঘটে।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বন বিভাগ জানায়, বৈধ পাস পার্মিট নিয়ে জেলেরা সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছিল। কাদেরের খাল এলাকায় পৌছালে দস্যুরা তাদের পিছু নেয়। তারা জেলেদের জিম্মি করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে একজন জেলে বন বিভাগের কটকা অফিসে ফোন করেন। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং ফাঁকা গুলি ছোড়েন। এক পর্যায়ে দস্যুরা পালাতে বাধ্য হয়।
এসিএফ শরিফুল ইসলাম বলেন, দস্যুরা জেলেদের পিছু নিয়েছিল। জেলেরা বিষয়টি বুঝতে পেরে বন বিভাগের কটকা অফিসে ফোন করেন। তাৎক্ষণিকভাবে বনরক্ষীরা ব্যবস্থা নেওয়ায় জেলেরা বড় বিপদের হাত থেকে বেঁচেছেন। বন কর্মীদের তৎপরতায় দস্যুরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, কেউ কেউ বলছেন, পর্যটকবাহী নৌযানে দস্যুরা হানা দিয়েছে। আসলে, কোনো পর্যটকবাহী নৌযানে দস্যুতার ঘটনা ঘটেনি। এ বিষয়ে দর্শনার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।
ইউডি/রেজা


