প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০১:৫৮ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইব্রাহীম খলিল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এতে ওই ব্যবসায়ীর শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। আগুনে তাঁর দোকানের মালামালও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ ইব্রাহীম খলিলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সুমন সাহিতপুর বাজারে ইব্রাহীম খলিলের মুদির দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। ব্যবসায়ী বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে সুমন ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি ব্যবসায়ীর শরীর ও দোকানের বিভিন্ন মালামালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
এতে ইব্রাহীম খলিলের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়। একই সঙ্গে দোকানের বিভিন্ন মালামালেও আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর পাশাপাশি দগ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/রেজা


