মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পিআরওভি পরীক্ষা সফল

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১১:৪৭ এএম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পিআরওভি পরীক্ষা সফল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের আলোচিত সেফটি ভালভের সমস্যা সমাধানের পর ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিআরওভি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পরীক্ষার সফলতা প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে দিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ কাজটি সম্পন্ন হয় বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান পিআরওভি ভালভের সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ পরীক্ষা বুধবার রাত পর্যন্ত চলে। পরীক্ষা প্রধান নিয়ন্ত্রণকক্ষ এবং জরুরি নিয়ন্ত্রণকক্ষ—উভয় স্থান থেকেই পরিচালনা করা হয়। পরীক্ষায় কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। ভালভগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও যাচাই করা হয়। এ সময় ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়।

অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষাটি পরিচালনা করা হয়। পরীক্ষা শুরুর আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থাটি সরাসরি সম্পৃক্ত।

ড. জায়েদুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কমিশনিং কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং এবং নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পরই পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে এগোচ্ছে এবং প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করার পর পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে। এর আগে সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তায় পড়ে।

রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ চালুর লক্ষ্যে ইউনিট-২ থেকে একটি পাইলট-অপারেটেড রিলিফ ভালভ (পিআরওভি) ইউনিট-১-এ স্থানান্তরের প্রস্তাব দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের সেফটি ভালভে ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে কবে ত্রুটি মেরামত হবে বা বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি।

দেশে চলমান বৈদ্যুতিক পরিস্থিতিতে রূপপুরের ভালভের বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে দ্রুত ভালভের সমস্যা সমাধানের জন্য রাশিয়া সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে গত ২২ সেপ্টেম্বর রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সমস্যা সমাধানের জন্য রূপপুরে আসে। তাদের এবং বাংলাদেশিদের নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত ভালভের সমস্যার সমাধান হয়েছে বলে এমডি জায়েদুল হাসান জানিয়েছেন।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি তথা ইউরেনিয়াম আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর নাগাদ ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ ২০২৬ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ-প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, জ্বালানিগুলো একাধিক ফ্লাইটের মাধ্যমে পরিবহন করা হবে।

এনপিসিবিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সাধারণত জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসে। এ হিসেবে পরদিন শুক্রবার সকালে বিশেষ নিরাপত্তায় জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ হিসেবে ১ অক্টোবর বৃহস্পতিবার প্রথম চালান পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে শুক্রবার (২ অক্টোবর) এই ইউরেনিয়াম ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প এলাকায় দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!