মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ১১ দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ১১ দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন (বাঁয়ে)

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, “বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সম্মানিত মানুষ। তিনি নিজেই আমাকে ‘সার্টিফাইড’ করেছেন। তিনি বলেছেন, দেলাওয়ার অনেক ভালো ছেলে। শেষেরবার নির্বাচনে দাঁড়ানোর কথা বলে নিজের জন্য ভোট চেয়েছেন। তাই ঠাকুরগাঁওয়ের মানুষ তাকে ভোট দিয়েছে। তবুও আমি হাড্ডাহাড্ডি লড়াই করেছি। এবার যেহেতু তিনি নেই, ঠাকুরগাঁওয়ের জনগণ আমাকে ভোট দিয়েই নির্বাচিত করবেন।”

এর আগে, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন সংসদীয় এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯। 

এই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। এর আগে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ৯৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!