মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কোথায় নিখোঁজ শিশুরা, অপ্রতিমের মৃত্যুতে প্রশ্ন তুলছেন লেখক-শিল্পীরা

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:৩২ পিএম

কোথায় নিখোঁজ শিশুরা, অপ্রতিমের মৃত্যুতে প্রশ্ন তুলছেন লেখক-শিল্পীরা

কুমিল্লায় নিখোঁজের একদিন পর ১৩ বছর বয়সী ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ির দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম লেখক নাহিদা নাহিদের ছেলে। গতকাল নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট ও তথ্য শেয়ার করা হয়।

কিন্তু একদিন পরই আসে তার মৃত্যুর খবর।অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন শিল্পী, অভিনেতা, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একই সঙ্গে শিশুদের নিরাপত্তা ও নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপ্রতিমের মৃত্যুর প্রসঙ্গ তুলে শিশু নিখোঁজের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। ওই পোস্টে তিনি পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যানও উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে কিংবা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ২ হাজার ৩৮ শিশুর সন্ধান তখনও পাওয়া যায়নি।

এই তথ্য উল্লেখ করে আহমাদ মোস্তফা কামাল নিখোঁজ শিশুদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, যেসব শিশুর এখনো সন্ধান মেলেনি, তাদের খুঁজে বের করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অপ্রতিমের মৃত্যুতে লেখক ও সাংবাদিক তাপস রয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান। নিজের সন্তানের অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি অপ্রতিমের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। বিশেষ করে একজন মায়ের জন্য সন্তান হারানোর এই পরিস্থিতি কতটা বেদনাদায়ক, সে বিষয়টি তার পোস্টে উঠে আসে। তিনি জানান, নিজের ছেলে অসুস্থ থাকায় তার স্ত্রী রাতেও ঘুমাতে পারেননি। সেই অভিজ্ঞতার সঙ্গে অপ্রতিমের মায়ের পরিস্থিতির তুলনা করে তিনি লেখেন, সন্তান ঘরে না থাকলে একজন মায়ের উদ্বেগ ও অসহায়ত্ব কতটা তীব্র হতে পারে।

কবি জাহিদ জগতও অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। মরদেহ উদ্ধারের একটি ভিডিও শেয়ার করে তিনি সমাজের মানুষের ভূমিকা ও এমন ঘটনায় মানুষের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে সাম্প্রতিক সময়ে শিশু হত্যা, খুন ও ধর্ষণের মতো অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের মুখপাত্র ও কবি সাম্য শাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টে শিশুদের নিরাপত্তা এবং রাষ্ট্র ও সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা উঠে এসেছে। নিজের সন্তানের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
 

 

এম/এইচ

 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!