মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০২:২৩ পিএম

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সময় অপ্রতীমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সেটি সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর পুলিশ আইনগতভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার নিজ বাসা থেকে হেঁটে বের হয়েছিল অপ্রতীম। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি।

ছেলের নিখোঁজের পর তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের সন্ধান চেয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তাঁর ছেলে অপ্রতীমকে বিকেল ৩টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপ্রতীমের বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

নিখোঁজ হওয়ার সময় অপ্রতীমের পরনে নীল রঙের একটি পাঞ্জাবি ছিল বলেও জানান তার মা। তিনি জানান, নিজের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি ছেলে।

ছেলের সন্ধানে সহায়তা চেয়ে তিনি সবার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি থানায় বিষয়টি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।

ড. নাহিদা বেগম আরও জানান, ফোন নম্বর ট্র্যাক করেও অপ্রতীমের অবস্থান শনাক্ত করা যায়নি। তাঁর ধারণা, ফোনটি সম্ভবত অপ্রতীমের সঙ্গে ছিল না। ফেসবুক আইডি যে ফোনে লগইন করা ছিল, সেটিও সে বাসায় রেখে গিয়েছিল।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

 

 এস/আর 
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!