প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৪৯ পিএম
অচেনা দেশ, অচেনা কন্ডিশন। কিন্তু লক্ষ্যটা একেবারেই পরিচিত-সোনা! এশিয়ান গেমসে সেই লক্ষ্য নিয়েই জাপানের পথে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ছিল সোনার প্রত্যাশা। এবার একই স্বপ্নের কথা জানালেন পেস বোলিং কোচ তালহা জুবায়েরও!
তবে জাপানে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে প্রথম পরীক্ষা। বিশেষ করে উইকেট নিয়ে আগ্রহটা বেশি। বাংলাদেশ দলের সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভার তৈরি উইকেটেই খেলবে টাইগাররা। তাই পুরোনো পরিচিত সেই অভিজ্ঞতার কাছ থেকেই আবারও পরামর্শ নেওয়ার পরিকল্পনা দলের।
তালহা বলছিলেন, ‘সত্যি বলতে কী উইকেট তো অচেনা, কিন্তু তারপরেও কিছু আইডিয়া আমরা নিয়েছি। আশা করি আমরা দলীয়ভাবে ভালো কিছু করে আসতে পারব। পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলে পরিকল্পনা করবো।’
জাপানের উইকেট স্লো হলে সেটিকে বরং বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তালহা। কারণ ধীরগতির উইকেটে খেলার অভিজ্ঞতা টাইগারদের কম নয়। সাফল্যের জন্য অবশ্য শুধু স্পিনারদের দিকে তাকিয়ে থাকতে চান না তিনি। তাঁর মতে, দায়িত্ব নিতে হবে পুরো দলকেই, ‘এই ধরণের উইকেট হলে অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমরা জানি এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। দায়িত্ব থাকবে ব্যাটার, স্পিনার, সবমিলিয়ে সকল প্লেয়ারদের ওপরে।’
বাংলাদেশের জন্য বাড়তি স্বস্তির খবর নাজমুল হোসেন শান্তকে ঘিরে। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলের চোটের কারণে মিরপুরের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি এই ব্যাটার। তবে এখন সেই চোট নিয়ে আর শঙ্কা নেই। তালহার দেওয়া তথ্য অনুযায়ী, শান্ত পুরোপুরি ফিট।
এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বর্তমান সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল। গ্রুপ ‘বি’-তে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান।
এই দলটির সামনে তাই প্রথম ম্যাচ থেকেই নকআউটের চাপ। হারলেই শেষ, জিতলে সেমিফাইনালের পথ খুলবে। ১ অক্টোবর শেষ চারে ওঠার লড়াই, আর ৩ অক্টোবর সোনার পদকের ম্যাচ।
বাংলাদেশ এর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা জিতেছিল। সর্বশেষ আসরে জিতেছিল ব্রোঞ্জ। এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির লক্ষ্য আরও এক ধাপ ওপরে ওঠা।
এমনিতে গেমসের ক্রিকেটের ভেন্যু কোরোগি অ্যাথলেটিক পার্কের পিচ কেমন আচরণ করবে-এখনো সেটি নিয়ে পুরোপুরি নিশ্চিত নন ক্রিকেটাররা। তবে অচেনা সেই উইকেটের রহস্য ভেদে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা এমন একজন, যিনি ১৬ বছর কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে-গামিনি ডি সিলভা! তিনিই এখন এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যুর কিউরেটর। তার পরামর্শ কাজে দেবে সন্দেহ নেই!
ইউডি/রেজা


