মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

তিন দফা দাবিতে সাজেকে সড়ক অবরোধ অব্যাহত

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১১:২০ পিএম

তিন দফা দাবিতে সাজেকে সড়ক অবরোধ অব্যাহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো শনিবার (২৪ অক্টোবর) সড়ক অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে শুরু হওয়া অবরোধের কারণে সাজেক যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। 

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো— সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নিতে হবে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা বাহিনী সাধারণ ও নিরীহ মানুষের ঘরবাড়িতে তল্লাশি চালাতে পারবে না এবং তাঁদের হয়রানি করা যাবে না।

আন্দোলনকারীদের অভিযোগ, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র সদস্যদের তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সংগঠন দুটির নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তাঁরা পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

সাজেক গণঅধিকার আন্দোলনের সভাপতি বাবুধন চাকমা বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। 

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!