মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৪:৪৯ পিএম

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি

নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫-২০ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাকে ও তার ভাগিনাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি তার।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। তার ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।

এস কে সৌরভ জানান, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের সড়ক দিয়ে হাঁটার সময় তার ভাগিনার গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়। পরে তিনি স্থানীয় কয়েকজনকে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাকে মারতে উদ্যত হন। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় লোকজন তাদের আলাদা করে দেন। পরে মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলা হয়।

তিনি জানান, বিরোধের সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তার ওপর চড়াও হন এবং তাকে ধাক্কা দেন। এ সময় নিজেকে প্রভাবশালী দাবি করে তার ভাগিনাকে হত্যার হুমকি দেওয়া হয়।

সৌরভের অভিযোগ, কিছুক্ষণ পর ওই মোটরসাইকেল চালক ফোন করে তার সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে ১৫-২০ জনের একটি দল সৌরভের পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করা হয় এবং তাকে ও তার ভাগিনাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন সৌরভ। অভিযোগে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!