মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে ৭০ বস্তা সার জব্দ, একজনের ১৫ দিনের কারাদণ্ড

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৭:২৬ পিএম

লালমনিরহাটে ৭০ বস্তা সার জব্দ, একজনের ১৫ দিনের কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি থেকে কুড়িগ্রামে পাচারের সময় ৭০ বস্তা সার জব্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের দায়ে দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুই সার ডিলারকে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাপ্টিবাড়ি বাজারের একটি মুদি দোকান ও পাশের একটি গুদাম থেকে পিকআপ ও ভ্যানে করে এসব সার কুড়িগ্রামের চিলমারীতে পাচারের জন্য তোলা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সারবোঝাই যানবাহন আটক করেন।

জব্দ করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুই সার ডিলারকে যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারপুকুর ও সাপ্টিবাড়ি এলাকার সার ডিলারদের কার্যক্রমে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে। সার পাচারের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা সার নিয়ে আরও তদন্ত করা হবে বলেও জানান তিনি।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!