প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৫৬ পিএম
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে সার্ভার কক্ষের এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) মেশিন। ফলে, বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী সেবা নিতে এসে ফিরে গেছেন অনেকেই।
রবিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার এ্যালার্ম বেজে উঠলে আগুন লাগার বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে, এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারাদিনই সেবা প্রদান কার্যক্রম অর্থ্যাৎ পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহন ও পার্সপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।
ওভারলোডের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। এঠি ঠিক হলে আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা দেওয়া হবে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে মনে করছেন বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
তিনি বলেছেন, “মূলত, লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে, তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। এ কারণে রেগুলেটরে আগুন লেগেছে। তবে, এভিআর মেশিন পুড়ে গেলেও সার্ভার কক্ষের অন্য কোনো যান্ত্রপাতি বা ডকুমেন্টসের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। আশা করছি, ২৫ অক্টোবর থেকে পুনরায় কার্যক্রম শুরু করা যাবে।”
ইউডি/রেজা


