প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৬:৪৮ পিএম
পটুয়াখালীর বাউফলে আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলু। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে এবং ভালো শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমরাই একদিন দেশ ও দেশের বাইরে আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।”
সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান সবুজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ছাত্র ছাত্রী হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর মো. হুমায়ুন কবির এবং শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি ও বিএনপি নেতা মো. আনিচুর রহমান আনিচ।
মো. আনিচুর রহমান আনিচ বলেন, শিক্ষকদের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না রেখে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে নিজেদের যোগ্যতা ও সুনামের পরিচয় দিতে পারে, সে লক্ষ্যে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইমতিয়াজ রসুল পাণ্ডু, বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান, বাউফল সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিএম নুরুল ইসলাম, মো. আমান উল্লাহ খান, সমাজসেবক মো. ইদ্রিস আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, প্রিন্ট ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ইউডি/রেজা/রুবেল


