মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে রাস্তার পাশের তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Rejaul Karim Sobuj

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৪:৩৩ পিএম

নারায়ণগঞ্জে রাস্তার পাশের তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন রাস্তার পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরনে সালোয়ার কামিজ ছিল।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাস্তার পাশের ঝোপে পড়ে থাকা একটি বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পায় পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ বস্তাবন্দি করে রাতের কোনো একসময় সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!