প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আরেকটি বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়ে যায়।
এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এসব তথ্য নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ইউডি/রেজা


