মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০২:৩৮ পিএম

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরের দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে শেষ মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আব্দুল কুদ্দুসের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, আজ শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আব্দুল কুদ্দুস। গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হলে তাকে নিজ বাসায় নেওয়া হয়। এরপর এক মাসেরও বেশি সময় শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান। মরহুম এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল কুদ্দুস ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমৃত্যু প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনে সিরাজগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ জানান, আব্দুল কুদ্দুস ছিলেন সিরাজগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তার দীর্ঘ সাংবাদিকতা জীবন ছিল সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত। তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন মানুষকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

সহকর্মীদের কাছে আব্দুল কুদ্দুস ছিলেন অভিভাবকতুল্য। নবীন সাংবাদিকদের স্নেহ, পরামর্শ ও সহযোগিতা দিয়ে তিনি দীর্ঘদিন পথ দেখিয়েছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা।

ইউডি/রেজা 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!