প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০২:৩৩ পিএম
কুমিল্লায় স্কুল ছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার অপর একজনসহ চার আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে, বয়স কম হওয়ায় তাদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্রে) পাঠানো হবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা চারজনকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবেন।”
রাত ১০ টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “পুলিশ একটি হত্যায় মামলায় রবিবার রাতে চার আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টংগী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।”
এর আগে, একইদিন দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, “মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।”
রবিবার রাতে সিয়াম ছাড়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।
ইউডি/রেজা


