মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান’

melongazi

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৩:৪৮ পিএম

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:৪৮

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান, ভাই-বোন, পরিবারেরই সদস্য। তাদের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কর্মসংস্থানের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়, ভাতা, প্রশিক্ষণ ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। আমরা চাই, তারা নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক এবং দেশের উন্নয়নে অংশীদার হোক।

তিনি জানান, অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার চিকিৎসা সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে। আগে যেখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে এক লাখ টাকা করা হচ্ছে। যাতে অর্থের অভাবে কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে ফারজানা পুতুল বলেন, বর্তমান সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড। একসময় যারা এই কর্মসূচির সমালোচনা করতেন, তারাও এখন এর সুবিধাভোগী হতে চান। তবে সরকার কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, শুমারির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘কোন মা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, সেটি নির্ধারণে সারা দেশে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। আমাদের লক্ষ্য, একজন অসুস্থ মা যেন এই সুবিধা পেয়ে ওষুধ কিনতে পারেন, পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ হতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো মানুষের জীবনমান উন্নয়ন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেম ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। কোনো যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন-এর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাম্মদ ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কর্মীসভায় মিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

Advertisement
Link copied!