মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় গুলিবিদ্ধ পথচারী

melongazi

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় গুলিবিদ্ধ পথচারী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩৫

চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন এলাকায় পুলিশের ফায়ারিং চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু হোসেন মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বুলেট এসে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চির মতো ভেতরে ঢুকে গেছে। এখানে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটি কোথা থেকে এসে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফায়ারিং রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হওয়ার স্থান ২০০০ গজ দূরে। সেখান থেকে এমন ঘটনা ঘটা অনাকাঙ্খিত।

ইউডি/রেজা

Advertisement
Link copied!