badhaneshop
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:০১ পিএম
উত্তরদক্ষিণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০
গোপালগঞ্জে এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ইজি বাইকের ৪ যাত্রী ও বিকেলে সদর উপজেলা বাসচাপায় পথচারী এবং মুকসুদপুর উপজেলার প্রাইভেটকার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন: মাদারীপুরের কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে ওবায়েদুল শেখকে (৪৮)। মাদারীপুরের সদরের ডুমদিয়ার এলাকার মন্টু গাজীর ছেলে টিটো ও কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের গেদু শেখের ছেলে খোকন শেখ (৬২)।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মোতালেব মোল্যার মৃত্যু হয় এবং আহত হন ৫ জন। পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মোতালেবের স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর ওই দম্পতির মেয়ে আহত রুমা বেগম ও নাতনি নুসরাত ওবায়েদুল শেখকে (৪৮) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক রুমা ও ওবায়েদুলকে মৃত ঘোষণা করেন। রুমার মেয়ে নুসরাত ও ইজিবাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
অপরদিকে বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ডুমদিয়ার এলাকায় টিটো গাজী (৫৫) নামে এক ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউডি/এবি