mashiurjarif
প্রকাশিত: জুলাই ৯, ২০২১, ১১:২৪ এএম
উত্তরদক্ষিণ| শুক্রবার, ০৯ জুলাই ২০২১| আপডেট ১১:০০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন এবং সিরাজগঞ্জের একজন করে রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের নয়দিনে ১৫৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। আর ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫০১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।