মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:২০ পিএম

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার বারৈয়ারহাটের মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিলন (২০)। আহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মানিক (৩৫) ও অপর হেলপার বিল্লাল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯৫ নম্বরের একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ঢাকা মেট্রো-ট-১৫-৩১০৯ নম্বরের অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন। এ সময় চালক ও অপর হেলপার গুরুতর আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বারৈয়ারহাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন তিতাস বলেন, ভোরে দুইটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে যায়। আমরা খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ তাদের উদ্ধার করি। পরে পুলিশের সহযোগিতায় ট্রাক দুইটি থানা নিয়ে যাওয়া হয় এবং উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, চট্টগ্রামমুখী লেনে দুটি ট্রাকের সংঘর্ষের খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পান তারা। ঘটনাস্থলে গিয়ে পেছনের ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!