মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
গাজীপুরে বিক্ষোভে অচল মহাসড়ক

ঝুট গুদামের আগুন নেভাতে উল্টো পথে ফায়ার সার্ভিস

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৩:০৯ পিএম

ঝুট গুদামের আগুন নেভাতে উল্টো পথে ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের মধ্যে একটি কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট রাখার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও শ্রমিক বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে তারা। পরে বিজিবি সদস্যদের নিরাপত্তায় মহাসড়কের বিপরীত দিক দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম রোববার দুপুরে জানান, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্ট যানজটে ইউনিট দুটি প্রথমে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে বিজিবির পাহারায় উল্টো পথে তাদের পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!