প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০২:৪৬ পিএম
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ফলাফল প্রকাশের পর রাজশাহী বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো- বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দূর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
এসব কলেজের মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জনের কেউ পাস করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে ৩ জনের সবাই ফেল। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ২ জনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনই ফেল করেছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, বগুড়ার যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। কেন এমন ফলাফল হয়েছে, সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/কেএস


