মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৪:১০ পিএম

হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

নিহত সজল কুমার চক্রবর্তী (৬০)বরিশাল নগরের কালিবাড়ি রোড এলার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে।

তার মৃত্যুতে বরিশাল জেলা আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করে আসা সজল কুমার চক্রবর্তীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বিধায়, পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আইনজীবীরা।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহ্ আলম জানান, সকালে সিনিয়র আইনজীবী সজল কুমার চক্রবর্তী সদর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওইসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করছিলেন অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী। তাই তার এমন মৃত্যু স্বাভাবিক চোখে দেখছে না সহকর্মীরা। আইনজীবিদের অনেকেই বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। কারণ এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

এ ঘটনায় থানা পুলিশের সদস্যরা একজনকে আটক করেছে জানিয়ে তিনি বলেন, আমরা আইনজীবীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এদিকে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ ঘটনায় অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ঘাতক মোটরসাইকেলের এক আরোহীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মোটরসাইকেল চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানিয়েছেন, সকাল পৌনে ৭টার দিকে সিনিয়র আইনজীবী সজল কুমার চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার কিছুসময় পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের লাশ রাখা ঘরে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!