মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ইনানীতে ৩০ ঘণ্টায়ও নেভেনি গ্যাসের আগুন, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০২:৪৩ পিএম

ইনানীতে ৩০ ঘণ্টায়ও নেভেনি গ্যাসের আগুন, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে জ্বলছে আগুন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত ৩০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নেভেনি। বরং আগুনের তীব্রতা আরও বেড়েছে। এ ঘটনায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩ হাজার ৮০০ পরিবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগুনের উৎস, গ্যাসের প্রকৃতি ও নির্গমনের কারণ অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

জমির মালিক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রায় ১৫ দিন আগে ওই জমিতে গভীর নলকূপ খননের কাজ শুরু হয়। এক সপ্তাহ ধরে খনন করেও প্রায় এক হাজার মিটার গভীরতায় পানি পাওয়া যায়নি। পরে কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে যান। এর প্রায় এক সপ্তাহ পর খননস্থল থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে পাশের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এখনো আগুন জ্বলছে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী কাইজার নূর জানান, আগুনের ঘটনার পর ৩৩ কেভি মূল বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বাপেক্সের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী বিপরীত দিকে প্রায় ২০০ মিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে। আশা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।

এদিকে, আগুনের উৎস ও গ্যাসের প্রকৃতি শনাক্ত করতে বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার রাতে প্রাথমিক পর্যবেক্ষণের পর বুধবারও ঘটনাস্থলে গিয়ে কাজ করেন বিশেষজ্ঞরা। গ্যাস নির্গমনের কারণ এবং আগুনের উৎস অনুসন্ধানে প্রয়োজনীয় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পুলিশ কাজ করছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!