মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ভোটের আমেজ ঠাকুরগাঁও-১ আসনে, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:৫৫ পিএম

ভোটের আমেজ ঠাকুরগাঁও-১ আসনে, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন কমিশন।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!