মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকি, পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০২:০৩ পিএম

সাংবাদিককে হত্যার হুমকি, পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার দাবি করা হয়।

আয়োজকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ, মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

এ ঘটনায় রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভয়ভীতি, হামলা কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে কোনো পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচি থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের পৈতৃক সম্পত্তি সুরক্ষা, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!