প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:২৭ পিএম
পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, কোটা আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা। ব্যক্তিগত স্বার্থের চেয়ে সবার অধিকার প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দেয় এ সংগঠন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি সাকিল আহম্মেদ ও আলম ব্যাপারী, দপ্তর সম্পাদক আবু তাহের, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সদস্যসচিব আবদুর রহমান।
এ সময় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।
ইউডি/রেজা/রুবেল


