প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:২১ পিএম
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২ টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী নদীতে গোসল করতে নেমেছেন। এ সময় তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ দুজন হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০)। তাঁর বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অন্যজন মো. রাসেল (৩৫)। তাঁর বাড়ি পটুয়াখালী জেলায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/রেজা


